মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকায় আসছেন আজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
তিন দিনের সফরে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। কূটনৈতিক মহল এই সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। এরপর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বসার কথা আছে তার।
শুক্রবার কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন সার্জিও গোর।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, উনি শুধু ভারতে আমেরিকার রাষ্ট্রদূত নন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াবিষয়ক প্রতিনিধি। বাংলাদেশে তার এটি প্রথম সফর। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এই সফরে তিনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন। তারাও চাইছেন সম্পর্কটা আরও এগিয়ে নিতে। আমাদের রোহিঙ্গা সমস্যা সম্পর্কে অবগত আছেন।