উখিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, নিজ দেশে ফিরতে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে তারা দ্রুত মিয়ানমারে ফেরার আহ্বান জানান।

রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ জানান, ‌‌বছরের পর বছর ধরে তারা অনিশ্চয়তার মধ্যে শরণার্থী শিবিরে বসবাস করছেন। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরতে চান তারা। শরণার্থী হিসেবে আর জীবন কাটাতে চান না বলেও জানান তিনি।

রোহিঙ্গা অধিকারকর্মীরা জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাকে প্রথমবারের মতো ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞ। তবে কোনো মানুষ চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রত্যাবাসন শুরু হলে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা ও আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

এর আগে শুক্রবার দুপুরে সার্জিও গোরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর ১টার দিকে উখিয়ায় পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় জানিয়েছে, প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তারা ৮ ওয়েস্ট (৮ ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।