খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডোমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তাদের দুই বছরের কন্যা সন্তান মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)।
দুর্ঘটনায় ফারজানার স্বামী ও মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আহত হয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, একটি মালবোঝাই ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিলো।
অন্যদিকে, মোটরসাইকেল আরোহীরা রূপসা হয়ে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ডোমরা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি ভারী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। ভাগ্যক্রমে মোটরসাইকেল চালক সিহাব শেখ বেঁচে গেছেন।
তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।