রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে মেট্রোরেলের ট্রেন দুটি স্টেশনে থামছে না।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ব্যাগ দুটি শনাক্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন কয়েকজন যাত্রী। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে একটি সন্দেহজনক বস্তা দেখতে পাওয়া যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাগটি পরীক্ষা করছে। এতে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘‘ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।’’
নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশন দুটির কার্যক্রম পুনরায় চালু করা হবে।