চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশন্স বিষয়ক উপ-মহাপরিচালক (ডিডিজি-ও) উগোচি ড্যানিয়েলস।
শনিবার (১ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন ড. লরা টম বন্ড।
এক বার্তায় আইওএম জানায়, সফরকালে ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন, কক্সবাজার ও মাদারীপুর সফর এবং অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত অভিবাসন, শ্রম অভিবাসন, সুরক্ষা ও মানবিক সহায়তা বিষয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তার।