প্রধানমন্ত্রী: ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশ ও মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও সবাই মিলে কাজ করলে তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ সংক্রান্ত আলোচনা নিয়মিত অব্যাহত থাকবে।’’

সরকারের দায়িত্ব নেওয়ার মেয়াদ ছয় মাস পূর্ণ না হওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ইতোমধ্যেই একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেক্টরভিত্তিক সমস্যাগুলো নিয়ে নিবিড় কাজ চলছে। পূর্ববর্তী বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির সমাধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি ৭টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় বৈঠকের কথা জানিয়ে তিনি বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমেই কার্যকর সমাধান বের হয়ে আসবে।’’

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি রূপরেখা তুলে ধরেন তারা। সরকারের পক্ষ থেকে রপ্তানি বৃদ্ধিতে কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।