তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাড়তি দামের ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১,৫২৮ টাকা।
রবিবার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বছরের আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম রবিবার সন্ধ্যার পর থেকে কার্যকর হবে। বিইআরসি আরও জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।