মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্য যেকোনো অননুমোদিত হর্ন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সব ধরনের মোটরযানের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৮১ নম্বর বিধি অনুযায়ী কেবল অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত অনুরূপ যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টিকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সংস্থাটি জানিয়েছে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।
বিআরটিএর ভাষ্যমতে, সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্নের ব্যবহার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা প্রচলিত আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।
এমন প্রেক্ষাপটে অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ বা রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ব্যতীত অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা তীব্র-বিকট শব্দ সৃষ্টিকারী কোনো অননুমোদিত হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।