সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

এদিকে, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে।”