ফুটবল খেলা নিয়ে মারামারি থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্রে করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে রাতে শেরপুর থানায় চারজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পরে পুলিশ প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জামিল শেখ বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে বাগবিতণ্ডা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। জামিল শেখ পরিস্থিতি শান্ত করতে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেন।

এ সময় একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। তাদের কিল ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের বাবা রফিকুল ইসলাম থানায় শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জামিলের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্য আসমিদের গ্রেপ্তারে অভিযান চলছে।