বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার (৮২) নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে বাগেরহাট-রূপসা পুরাতন মহাসড়কের উপজেলা মোড় সংলগ্ন নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ আব্দুল গফফার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতীর বড়ঘাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় বসবাস করতেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ফকিরহাট ডাকবাংলার মোড় থেকে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শেখ আব্দুল গফফার। পথে নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।