সাতক্ষীরায় এক নারীর ঘর থেকে জামায়াত কর্মীকে আটক করলেন স্থানীয়রা

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এক নারীর সঙ্গে প্রেম ছিল শরিফুল ইসলামের। সোমবার রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর তাদের আটকে রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। 

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পর্যন্ত এলাকাবাসী দুই জনকে আটকে রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে জানতে না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, “অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।“

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।