কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ক্যাম্প ১৩-এর এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ মাটি ও পাথর ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুনুশি এফ-৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল রাত থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে এফ-৫ ব্লকে পাহাড় ধসের ঘটনায় নুনুশি নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।”
পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। গত মাসেও পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন রোহিঙ্গার প্রাণহানির ঘটনা ঘটেছে।
তাই ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।