স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লাভলী বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার(৫ আগষ্ট) দুপুরে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত লাভলী বেগম ওই এলাকার সানোয়ার হোসেনের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের তীরের সঙ্গে লাভলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা সখীপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে লাভলী বেগমের সঙ্গে তার স্বামীর বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।