বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে সাত ঘণ্টা ধরে বিমানবন্দরে গ্রাউন্ডেড আছে।
জানা গেছে, জ্বালানি নেওয়ার জন্য নির্ধারিত যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়। যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।
যাত্রীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি ছেড়ে আসে। এতে ২৬০ জন যাত্রী ছিলেন। এরপর স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটি ইতালিতে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামত করতে হবে। এরপর দুপুর হয়ে এলেও ফ্লাইটটি কখন ছেড়ে যাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি।
যাত্রীরা জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিমান কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
শরিফুল আলম নামে এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে মানুষ ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিমানের একটি সূত্রে সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিকল্প ফ্লাইট, যাত্রীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে।