লক্ষ্মীপুরের রায়পুরে এক বিয়েবাড়িতে খাবার নিয়ে বিতণ্ডার জেরে সংঘটিত মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে সবাই খাবার খেতে বসলে বরের বড় ভাই খাবার নিয়ে আপত্তি তুলে কথা বলা শুরু করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন বর নিজেই এবং হামলা চালানোর উদ্দেশ্যে বাঁশ-লাঠিসোঁটা খুঁজতে শুরু করেন।
এ নিয়ে শুরু হওয়া বাগবিতণ্ডা গড়ায় সংঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী জানান, হঠাৎ করেই বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন, আর সেই বাগবিতণ্ডা বাড়তে বাড়তে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপরই সংঘর্ষ বেঁধে যায়, যাতে অন্তত ১০ জন আহত হন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, অন্যজনকে পাঠানো হয় সদর হাসপাতালে।
এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি সম্পর্কে থানা এখনো কোনো তথ্য পাইনি এবং কেউ অভিযোগও করেননি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”