যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও ১২ জন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।