মির্জা ফখরুল: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে

একটি মহল দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, “আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেবার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’’

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি ভবন প্রাঙ্গণে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, “আমরা অতীতে দেখেছি- যখন দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনের দিকে নেয়। আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবচাইতে উচ্চ শিক্ষিত মানুষ সমাজে এবং দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন। আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ দরকার। যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, সমাজ করে তুলতে চাই। আসুন এই লক্ষ্যে আপরা শপথ নিই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ করব এবং আমাদের স্লোগান হবে ‘সবার আগে বাংলাদেশ’।” 

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল।