পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে মারা গেছেন এক বিএনপি নেতা। গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা শনিবার সকাল আটটার দিকে এ ঘটনায় প্রাণ হারান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে জাকির হোসেন স্ত্রীর সঙ্গে খাটে বসে পা দোলাতে দোলাতে মুড়ি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, হাসপাতালে আনার সময়ই জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউ সেবা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
জাকির হোসেন মৃধার আকস্মিক এই মৃত্যুতে পরিবার-স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।