বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুইজন।
রবিবার (৯ আগস্ট) সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের উপরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। রবিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে দু’জন নিহত ও অন্তত দু’জন আহত হয়েছেন। আহতদের একজন সেখানে আটকা পড়েছেন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ আছে। যানবাহনগুলো সার্ভিস লেনে যাতায়াত করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।