এবারের ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন শিক্ষক-চিত্রশিল্পী মো. আব্দুস সাত্তার। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে প্রদত্ত এই পদক।
সোমবার (১০ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ পদক তুলে দেবেন বলে জানিয়েছেন এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জী। এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।’’
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- এস এম সুলতান শিশু স্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি জানান, অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তন্দ্রা মুখার্জী আরও জানান, চিত্রশিল্পী সুলতানের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণী শিল্পীদের প্রতিবছর ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। এবার এই পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার।
ড. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
একুশে পদক-২০২৬ পাওয়া এই শিল্পীর ২০টির অধিক প্রকাশনা রয়েছে।