ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত তিন জামায়ত নেতা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৭ এপ্রিল রাতে মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চলাকালে হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরও করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর দিন ৮ এপ্রিল জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার।
কারাগারে যাওয়া তিন আসামি হলেন-ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
জানা গেছে, উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠান মুরগি লালন-পালন করছে। সাধারণত, মাছের খাবার তৈরিতে স্থানীয়ভাবে এ বিষ্ঠা ব্যবহার হয়ে থাকে।