নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর পর মায়েরও মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু মারুফের (৮) পর তার মা বিউটি আক্তারের (২৪) মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বিউটির শরীরের ৮০% পুড়ে যায়।

এর আগে গত শনিবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০% দগ্ধ হয়েছিল। একই হাসপাতালে শরীরের ৮৫% দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন রাজমিস্ত্রি মাইদুল। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রসঙ্গত, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। মাইদুল ঘরের ভেতরে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হয়। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “টিনের ভাড়াবাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।”