চুল কাটাতে গিয়েছিলেন হাবিবুর, ফিরে এসে দেখলেন আগুনে সব শেষ

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এরমধ্যে ৭জনই নওগাঁ জেলার।

রবিবার (৯ আগস্ট) সৌদি আরব স্থানীয় সময় বেলা দুইটার দিকে আগুন লাগার পরপরই দেশটির ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে ৮ জনের মরদেহ উদ্ধার করে তারা। পরে রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই বার্তায় জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের দেওয়া তথ্যানুযায়ী, রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। তারা নিজেরাই সোফা তৈরি ও বিক্রির কাজ করতেন। এরমধ্যে তবে অল্পের জন্য বেঁচে গেছেন হাবিবুর রহমান নামে এক শ্রমিক। 

বিবিসি বলছে, “রবিবার দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটার জন্য সেলুনে গিয়েছিলেন হাবিবুর। ফিরে এসে দেখেন কারখানায় আগুন জ্বলছে।”