থানার ভেতরেই সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরে থানার ভেতরে সিআইডি পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিব (৫৬) নামে এক কৃষক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা।

রোববার (৯ আগস্ট) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে জানা গেছে, দিনাজপুর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে ওই রাতে সিভিল পোশাকে কোতোয়ালি থানায় যান। প্রায় একই সময়ে ওসির সঙ্গে দেখা করতে থানায় আসেন মজিবর রহমান। তবে তখন ওসি থানায় উপস্থিত ছিলেন না।

ওসির কক্ষের সামনে মজিবর রহমান নওয়াবুর রহমানের কাছে ওসির অবস্থান জানতে চাইলে নওয়াবুর নিজেকে সিআইডির পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এতে মজিবরের সঙ্গে থাকা একজন ব্যক্তি নওয়াবুরকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। নওয়াবুর এর প্রতিবাদ করলে সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে মজিবর রহমান ক্ষিপ্ত হয়ে নওয়াবুরের ডান গালে সজোরে থাপ্পড় মারেন এবং তাকে হুমকিও দেন। পরে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মজিবরকে আটক করে থানায় নিয়ে যান।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, মামলার তদন্তকাজে আসা সিআইডি পুলিশ পরিদর্শকের গায়ে হাত তোলার অভিযোগে তাৎক্ষণিকভাবে মজিবর রহমানকে আটক করা হয়। পরে ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।