বগুড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মুহিব হাসান শ্রাবণ (১৯) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল মহানগরীর ফুলবাড়ি ইছাইদহ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন। এর আগে, সোমবার দুপুরে ইছাইদহ এলাকায় নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা জানান, মুহিব হাসান শ্রাবণ বগুড়া মহানগরীর ফুলবাড়ি ইছাইদহ এলাকার মামুন প্রামানিকের ছেলে। তিনি বগুড়ার জয়নুল আবেদীন কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সোমবার দুপুরে ফুটবল খেলার পর শ্রাবণ ও তার বন্ধুরা গোসল করতে করতোয়া নদীতে নামেন। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে বগুড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার কাজ শুরু করেন। বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশী শুরু করেন। সন্ধ্যায় আলোক স্বল্পতায় তারা উদ্ধার কাজ স্থগিত করেন।
মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সকাল ৮টার দিকে ফুলবাড়ি ইছাইদহ সেতুর নিচ থেকে শ্রাবণের মরদেহটি উদ্ধার করেন। বগুড়া সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ইছাইদহ সেতুর নিচ থেকে শ্রাবণের মরদেহ উদ্ধার করেছেন। কলেজ ছাত্রের মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।