ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেল স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নেয় স্থানীয়রা। ফলে মশাখালী এলাকায় আটকে যায় জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস।
স্থানীয়রা জানায়, গত ১০ থেকে ১২ দিন ধরে মশাখালী স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করছেন তারা। বুধবার সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।
নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেল স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও দাবি তাদের।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।