শপিংমল-মার্কেট ৮টায় বন্ধ, ছাড় পেল যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে দোকানপাট বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করে সংশ্লিষ্টদের নির্দেশনা পাঠানো হয়। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে দোকানপাট, শপিংমল ও মার্কেট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা প্রযোজ্য হবে দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও।

এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।