তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী ছমিরন বেগম। হঠাৎ সেই গাছটি উপড়ে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় একটু স্বস্তির খোঁজে বাড়ির পাশের গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন ছমিরন বেগম। এ সময় কোনো ঝড়-বাতাস ছাড়াই হঠাৎ গাছটি উপড়ে তার গায়ের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, শিকড় দুর্বল হয়ে যাওয়ায় বা মাটিতে পর্যাপ্ত দৃঢ়তা না থাকায় গাছটি হঠাৎ উপড়ে পড়ে থাকতে পারে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”