যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট। এর ফলে কয়লাভিত্তিক মোট ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে সচল আছে কেবল ৩ নম্বর ইউনিট, যেখান থেকে উৎপন্ন হচ্ছে মাত্র ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটের দুটি কুলিং পাম্প নষ্ট হয়ে যাওয়ায় শুক্রবার বেলা ১১টা ১২ মিনিটে ইউনিটটি বন্ধ করে দিতে হয়েছে, ফলে বন্ধ হয়ে যায় ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও। তিনি জানান, ইতিমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে এবং শুক্রবার রাত অথবা শনিবারের মধ্যে ইউনিটটি ফের চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান প্রকৌশলী আরও জানান, বর্তমানে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে এবং সেখান থেকে উৎপন্ন ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও গত ১ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, যা ৩ আগস্ট রাতে আবার চালু করা হয়েছিল।