মেহেরপুরের সকাল থেকে তিনটি স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের ভেতর। পরে পুলিশকে খবর দেয় তারা।
পরে শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে তারে ঝুলতে থাকা বক্সটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বোমাসদৃশ বস্তু মনে করে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পড়ে বঙ্গবন্ধুর ভাষণ বেজে ওঠায় আতঙ্ক কমে। পরে পুলিশ এসে পরে একইরকম সাউন্ডবক্স জেলাটির কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্ক ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করে। উদ্ধার করা তিনটি বস্তুই থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আতঙ্কের কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।