ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা একজনকে আটক

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিতে যাওয়ায় একজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়িটির আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাড়িটির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

সকাল থেকে এলাকাটি ঘিরে বিভিন্ন সংবাদকর্মী ও উৎসুক লোকজনকেও দেখা যায়। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।