বিরোধী দলগুলোকে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী 

জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তার ভাষ্যমতে, কোনও রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ৬ মাসের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি। 

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীতে টি অ্যান্ড টি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আরেক নেতাকে দেখলাম, তার এলাকার মানুষ তাকে নাকি ধরে গ্যাসের জন্য। আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা নেই।’’ 

তিনি বলেন, ‘‘সেই নেতা এবং যারা মঞ্চে বসে পেছনে ফ্যানের বাতাস খেয়ে সামনে হারিকেন রেখেছে...। সবার উদ্দেশে বলতে চাই, বিএনপি জনগণের জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা আছে জনগণের জন্য। আগামী ২৭ তারিখ যে সংসদের অধিবেশন শুরু হবে, সেখানেই আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করবো আগামী ১০ বছর কীভাবে জ্বালানি সমস্যার সমাধান করবো।’’