রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগষ্ট) সকাল ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিউমার্কেট থানা-পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডের একটি নয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বসবাসরত এক বৃদ্ধা নারীর দেখাশোনা করতেন দুই গৃহকর্মী। রত্না তাদের একজন এবং প্রায় আড়াই মাস ধরে ওই বাসায় কর্মরত ছিলেন।
দুই গৃহকর্মী প্রতিদিনের মতো শুক্রবার রাতেও একই কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠে অপর গৃহকর্মী পাশের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রত্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, দ্রুত রত্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।