বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী ও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (১৬ ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক দুটি বুলেটিনে এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের মতে, এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন পাহাড়ি অঞ্চলে আকস্মিক তবে সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। 

বর্তমানে সৃষ্ট লঘুচাপটির পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং এর আশপাশের উজান এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিগত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড না হলেও প্রতিবেশী ভারতের মেঘালয়ের মাওকিরওয়াটে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে অবস্থান করলেও বৃষ্টির প্রভাবে উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীর পানি বাড়তে শুরু করেছে। 

আগামী ২ দিনে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আপাতত হ্রাস পেলেও আগামী দুই দিন তা আবার দ্রুত বাড়তে পারে।