নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত (২৩), মারুফ আহাম্মেদ (২৫), মো. জসিম উদ্দিন (২৫), সাকিব হোসেন (২৭) ও বাবলু (২৫)।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, আনুমানিক রাত সাড়ে ১১ টায় একটি অনুষ্ঠানের ভিডিও করার জন্য যাওয়ার সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি করা হয়। এসময় তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়।
দুর্বৃত্তদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুই জনকে শনাক্ত করা গেছে বলেও জানান তিনি।
জানা যায়, স্থানীয় হারুন ও রায়হান নামের দুইজনের অভ্যন্তরীণ পূর্ব বিরোধের জের ধরে এই গোলাগুলির সূত্রপাত। মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এদের ওপর গুলি চালায় বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শরীরে গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৫ জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা বলেন, “রাত আনুমানিক বারোটায় থানায় দুই গুলিবিদ্ধ যুবক আসলে তাদেরকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে যেতে পরামর্শ দেই। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের দেখতে পুলিশের একাধিক দল গিয়েছে।”