ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর নির্ভর করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।"
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ দেড় দশকের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "অতীতের ফ্যাসিবাদী শাসন-শোষণের কারণে এনবিআরের ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছিল। নীতি-নিয়ম উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে সুবিধা প্রদান এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করা হয়। এখন সময় এসেছে দক্ষ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এনবিআরকে একটি জনবান্ধব ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করার।"
রাজস্ব আহরণে সংস্কার ও আধুনিকায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা দিয়ে জানান, করদাতা ও প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু জোর করে বা একই করদাতার ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে, করব্যবস্থা সহজ ও দুর্নীতিমুক্ত করতে হবে যাতে মানুষ ভয় না পেয়ে স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হয়। বিশ্ব অর্থনীতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে রাজস্ব কর্মকর্তাদের ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স, মানি লন্ডারিং ও আন্তর্জাতিক কর ব্যবস্থার মতো বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত জটিলতার কারণে যেন দেশের ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয় বা দ্বিধা না রেখে দেশের স্বার্থে নিরাপদে ও স্বস্তির সাথে সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রাজস্ব আহরণের ইতিবাচক প্রবণতার প্রশংসা করে তিনি সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী এনবিআরের বিভিন্ন ডিজিটাল প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন।