ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা থেকে মাগরিবের আযান পর্যন্ত মাদ্রাসাটির শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ দেওয়া হয়। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে খেলাধুলার সময় অভিযুক্ত শিক্ষক শিশুটিকে ঘুরতে যাওয়ার কথা বলে মাদ্রাসার বাইরে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আশপাশে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষক শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। একপর্যায়ে শিশুর চিৎকার শুরু করলে এগিয়ে গিয়ে অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে ঘটনাস্থল থেকে নিয়ে যায় মাদ্রাসাটির অন্য শিক্ষক। 

ভুক্তভোগী শিশুটির মা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনঅনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”