খুলনা মহানগরীকত দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুরুল ইসলাম আশিবিঘা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন।
স্বজনরা আরও জানান, বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘‘আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’’