সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং

দেশে পিক আওয়ারে, অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৭টায়, বিদ্যুতের মোট চাহিদার বিপরীতে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। এসময় সারাদেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ২১১ মেগাওয়াট, যার সিংহভাগ সরবরাহ করা সম্ভব হলেও ঘাটতির কারণে বিভিন্ন অঞ্চলে লোডশেডিং করতে হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) বরাতে এ তথ্য জানা গেছে।

জোনভিত্তিক তথ্য অনুযায়ী, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ছিল সবচেয়ে বেশি। সেখানে এক হাজার ৪২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ ২৫৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ঢাকা জোনে ছয় হাজার ১৮৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং হয়েছে ১৫৪ মেগাওয়াট।

এ ছাড়া কুমিল্লা জোনে এক হাজার ৪৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫০ মেগাওয়াট, খুলনা জোনে এক হাজার ৯২৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৯ মেগাওয়াট এবং রাজশাহী জোনে এক হাজার ৫৩৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২০ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়।

তবে একই সময়ে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর জোনে পরিস্থিতি ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। পিক আওয়ারে চট্টগ্রাম জোনে এক হাজার ৫১২ মেগাওয়াট, সিলেটে ৬৬৮ মেগাওয়াট, বরিশালে ৪৮১ মেগাওয়াট এবং রংপুর জোনে এক হাজার ৩৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে কোনো লোডশেডিং করতে হয়নি।