বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনেই

বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। এখন বিদেশি যাত্রীরা বাংলাদেশে আসার আগেই অনলাইনে এসব ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

সম্প্রতি এ পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম।

তিনি বলেন, “বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে ইচ্ছুক বিদেশি যাত্রীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। এজন্য একটি কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অন অ্যারাইভাল ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন ভ্রমণকারীরা।”

আগের প্রক্রিয়ায় অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনে দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে আরও সময় লাগতো। ফলে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে উঠতো।

নতুন ব্যবস্থায় এ প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, “বিদেশি যাত্রীরা বিমানবন্দরে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন।”