কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে সাতক্ষীরার দুই বাসিন্দা প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি পরিবার ও স্বজনদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহতদের একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে মো. আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ও এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব। অপর নিহত ব্যক্তি একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভোগা আলিমুজ্জামান সাজু চিকিৎসার উদ্দেশ্যে গত ৫-৬ দিন আগে ভারতে যান। চিকিৎসা শেষে বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। তবে একই দিন রাত ১০টার দিকে কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে। তার নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু ও খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ এ মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেলে অগ্নিকাণ্ডের সময় তিনি দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পরপরই পুলিশ প্রশাসন থেকে নিহতদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ওই আবাসিক হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।