হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

বাহিনী সূত্রে জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত কয়েক দফা অস্ত্র উদ্ধার করা হয়েছে। সর্বপ্রথম ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি ব্রেটা গান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফায় উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। 

পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট নয় হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। 

এরপর ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়। 

২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। 

২০২১ সালের ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে। একই বছরের ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। 

সর্বশেষ ২০২১ সালের ২৭ ডিসেম্বর ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি), ২৫টি বুস্টার, ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।