রাজধানীর শনির আখড়ায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর চেষ্টার সময় সজীব (২৮) নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন। তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শনির আখড়া এলাকার রানা পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, ঘটনার শুরু হয় একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দেওয়াকে কেন্দ্র করে। মামলা দেওয়ার পর দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট যখন অন্য যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখনই সুযোগ বুঝে সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি তুলে নিয়ে গাড়িতে চম্পট দেওয়ার চেষ্টা করেন মাইক্রোবাস চালক সজীব।
তবে শেষরক্ষা হয়নি। ঘটনাটি চোখে পড়ে যায় এক লেগুনাচালকের, যিনি তাৎক্ষণিক বিষয়টি জানিয়ে দেন ট্রাফিক সার্জেন্টকে। এরপর ট্রাফিক ডেমরা জোনের সদস্যরা তৎপর হয়ে ধাওয়া করে ধরে ফেলেন সজীবকে, উদ্ধার করা হয় চুরি যাওয়া হেলমেটটিও।