জামালপুরের মেলান্দহে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের সাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার পুলিশের উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু।
নিহত ব্যাক্তির নাম শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০)। সে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।
আহত দুজন হলেন - দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিবের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক মেহেদী হাসান (২৮)।
স্থানীয়দের বরাতে উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুর গামী একটি প্রাইভেট কার মেলান্দহের শাহাজাতপুর এলাকার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারে থাকা চালক মেহেদী হাসান, যাত্রী নাজমুল হোসাইন ও শামছুদ্দিন আহমেদ রুবেল গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় শফিকুল ইসলাম জানান, রাতে রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থল গিয়ে দেখা যায় একটি প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা লেগে চালক ও যাত্রী আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নিয়ে যায়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শামছুদ্দিন আহমেদ রুবেলকে হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেলান্দহ থানার পুলিশের উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”