ট্রাফিক পুলিশের সংকেত অমান্য, মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা; গ্রেপ্তার যুবক

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় সংকেত অমান্য করে মোটরসাইকেল চালিয়ে এক ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার ঘটনায় মো. শফিউল আলম পাভেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীরামপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে একই দিন বিকেলে বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীরামপুর মোড়ের নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে ট্রাফিক বিভাগের সার্জেন্টসহ আরএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সময় হেলমেটবিহীন এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে তিনি তা অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যান। ঘটনায় আহত কনস্টেবলকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম সিসিটিভি ইউনিটের সহায়তায় শনাক্ত করা হয় মোটরসাইকেল চালককে। গ্রেপ্তার হওয়া শফিউল আলম পাভেল পাবনার সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকায় বসবাস করেন। ঘটনার সময় তিনি হেলমেট নিবন্ধনবিহীন হাংক-১৫০ সিসি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় জেলহাজতে।