বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ। কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিজিবি সদস্য রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার পদে কর্মরত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি রইচ উদ্দিন জানান, নিহত বিজিবি সদস্য রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ট্রাক ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানয় সড়ক পরিবহণ আইনে মামলার প্রস্তুতি চলছে।