ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল সুবিধার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ ও সমন্বিত করার লক্ষ্যে প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিষদ আলোচনা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা, সম্ভাব্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে সারা দেশে প্ল্যাটফর্মটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় চিকিৎসাসেবায় তথ্যপ্রযুক্তির সুফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশের সাধারণ মানুষ সহজে এর সুফল পান। রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসংক্রান্ত তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করা যায় এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তা সহজে ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।"

একই সঙ্গে প্ল্যাটফর্মটি তৈরির ক্ষেত্রে তথ্যের সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা এবং এটি যেন সহজবোধ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন সরকারপ্রধান।

সভায় প্রকৌশলী জাকারিয়া স্বপন ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরে একটি পূর্ণাঙ্গ উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।