পিংক বাস সার্ভিসে ই-টিকিট ব্যবস্থা চালু

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ সার্ভিসে ই-টিকিটিং চালু করেছে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ।

রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি  বাসে পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেওয়া হবে। এতে বাসে ওঠার পর পজ মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন নারী যাত্রীরা।

সহজ জানায়, কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। 

বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সহজের পক্ষ থেকে আরও বলা হয়, পজ ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।