স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০-১৬ গ্রেডের শূন্য পদে জরুরি নিয়োগের নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০-১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপ-পরিচালক/সহকারী পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবলের ঘাটতি পূরণে ১০-১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে সব শূন্য পদ পূরণের প্রস্তাব পাঠাতে হবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা উল্লেখ করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একই সঙ্গে ই-রিক্রুটমেন্টের মাধ্যমে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমের অগ্রগতি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের ১৪ জুলাই ২০২৬ তারিখের অনুমতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।